
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে দুটি দেশীয় অস্ত্রসহ খায়রুল হাসান আলিম (১৯) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পৌরসভার বড় চৌরাস্তা এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের পলাতক আসামি মাহবুব তালুকদারের টিনের বসতঘরে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে কয়েকজন সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পরপরই এসআই মোঃ নাজমুল হুদার নেতৃত্বে এএসআই মোঃ সুমন হাওলাদার, কমল চন্দ্র হাওলাদার ও সঙ্গীয় ফোর্সের একটি দল শারিকখালী গ্রামে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মাহবুব তালুকদার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্রসহ আলিমকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত খায়রুল হাসান আলিম পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকার মোহাম্মদ সুমন সিকদার ও খাদিজা আক্তারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়। পলায়নকৃত আসামি মাহবুব তালুকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন