
মাহ্ফুজ নবীন:
পটুয়াখালী জেলার ভায়লা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আরসিসি গার্ডার ব্রিজটি নির্মিত হওয়ার তিন বছর পার হতে চললেও আজও তৈরি হয়নি কোনো সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড)।
ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি স্থানীয়দের কোনো কাজেই আসছে না। উল্টো এটি এখন ওই এলাকার হাজার হাজার মানুষের চরম ভোগান্তি ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মূল ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়। নির্মাণের সময় ব্রিজের পাইলিংসহ মূল কাঠামোয় নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। কিন্তু সেই ত্রুটিপূর্ণ কাজ কোনোমতে শেষ করা হলেও কর্তৃপক্ষের উদাসীনতায় আজও ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।
বর্তমানে সংযোগ সড়ক না থাকায় ব্রিজে ওঠার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মানুষ খালের পার দিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ও রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বৃষ্টি হলে এই ভোগান্তি আর দুর্ভোগের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি অলস পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক নির্মাণে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত এ বিষয়ে সমাধান না হলে স্থানীয়রা আরও বড় ধরনের ভোগান্তির আশঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে ভায়লা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অনতিবিলম্বে অনিয়মের তদন্ত করে সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
মন্তব্য করুন