
বিশেষ সংবাদদাতা:
সাভারে কেনাকাটার ছলে ফলের দোকান থেকে এক ব্যবসায়ীর ব্যবহৃত আইফোন (স্মার্টফোন) চুরি করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রাসেল মিয়া, তিনি এসআই (উপ-পরিদর্শক) পদে কর্মরত।
ঘটনাটির পুরো দৃশ্য দোকানে থাকা সিসিটিভি (CCTV) ক্যামেরা বন্দি হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
ঘটনার বিবরণ ও সিসিটিভি ফুটেজ: দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত এসআই রাসেল মিয়া দোকানে প্রবেশ করে পেয়ারা ও লটকন কেনেন। ফল কেনার প্রক্রিয়া শেষ হলেও তিনি প্রায় পাঁচ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকেন। এ সময় দোকানের টেবিলের ওপর ফল বিক্রেতা রাজিব আহমেদের একটি কালো রঙের আইফোন রাখা ছিল।
একপর্যায়ে সুযোগ বুঝে এসআই রাসেল মিয়া তার হাতে থাকা একটি ফাইল ও নিজের লাল রঙের মোবাইল ফোনটি টেবিলটিতে রাখা দোকানির আইফোনটির ওপর রাখেন। এরপর কৌশলে কথা বলতে বলতে নিজের লাল ফোনটির সঙ্গে নিচের কালো আইফোনটিও তুলে নিজের পকেটে ঢুকিয়ে নেন। মোবাইলটি পকেটে পুরে নেওয়ার পর তিনি আরও প্রায় এক মিনিট ফলের ব্যাগ হাতে দোকানির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে দোকান থেকে বেরিয়ে যান।
ব্যবসায়ীর বক্তব্য: ভুক্তভোগী ফল ব্যবসায়ী রাজিব আহমেদ জানান, পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার কিছুক্ষণ পর তিনি নিজের আইফোনটি খুঁজে পাচ্ছিলেন না। সন্দেহ হলে তিনি দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন যে, এসআই রাসেল মিয়াই কৌশলে তার মোবাইলটি পকেটে ভরে নিয়ে গেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ ও তার ব্যবহৃত ফোনটি উদ্ধারের দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন