
এম জাফরান হারুন:
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজার সংলগ্ন নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার সময় শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে মাটি, পল্টুন, ভেকু মেশিন ও বাল্কহেড সহ ২ জনকে আটক করেছে এলাকাবাসী।
জানা গেছে- নদীর পাড় কাটার কারণে এলাকায় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে একদল অসাধু ব্যক্তিরা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রাতের আঁধারে হাতেনাতে তাদের আটক করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম পুলিশ গিয়ে জব্দকৃত মালামাল উদ্ধার করে এবং দুই জনকে আটক করা হয়।
রোববার (০৯ আগস্ট) এ ঘটনায় বাউফল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ভেকু মেশিন, পল্টুন, বাল্কহেড ও মাটি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কাটার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নদী ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” (০৯/০৮/২০২৬)
মন্তব্য করুন