
বিশেষ প্রতিনিধি, গাজীপুর:
বন্ধুর ক্যানসারের চিকিৎসায় সঙ্গী হয়ে ভারতে গিয়ে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন গাজীপুরের দুই বন্ধু। একের পর এক তাঁদের মর্মান্তিক বিয়োগে শোকের মাতম চলছে দুই পরিবারে। ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান
গাজীপুরের কালীগঞ্জের বিল্লাল মাঝি (৫০) ও তাঁর বন্ধু কাপাসিয়ার হাবিবুর রহমান (৫৭)। বর্তমানে কলকাতার এমআর বাঙুর (ভাঙড়) ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে তাঁদের লাশ রাখা রয়েছে। প্রিয় এই দুই বন্ধুকে দেশের মাটিতে পাশাপাশি দাফন করতে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বিল্লাল মাঝি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে এবং হাবিবুর রহমান কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে। প্রায় ২৫ দিন আগে বন্ধু হাবিবুর রহমানের ক্যানসার চিকিৎসার সহায়তার উদ্দেশ্যে তাঁর সঙ্গে ভারতে যান বিল্লাল মাঝি।
কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা শেষে গত ৯ আগস্ট ট্যাক্সিতে করে দেশে ফেরার উদ্দেশ্য রওনা হন তাঁরা। পথিমধ্যে বিল্লাল মাঝি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।
চোখের সামনে প্রিয় বন্ধুর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি ক্যানসার আক্রান্ত হাবিবুর রহমান। বন্ধুর লাশের পাশে অবস্থানকালে চরম মানসিক আঘাতে পরদিন ১০ আগস্ট একই হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনিও।
বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার জানান, “আমার বাবা ও তাঁর বন্ধুর মরদেহ এখনও ওখানকার হাসপাতালে রাখা আছে। আমরা চাই তাঁদের লাশ যেন দ্রুত দেশে এনে নিজ জন্মভূমিতে পাশাপাশি দাফন করা যায়। এজন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন জানিয়েছে, ভারতে মারা যাওয়া দুই ব্যক্তির পরিবার বিষয়টি অবহিত করেছে এবং তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও সহযোগিতার চেষ্টা চালানো হচ্ছে।
মন্তব্য করুন