
সিকদার সোহেল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সমন্বিত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জেলা পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। কর্মসূচিটি বাস্তবায়িত হয় United Nations Population Fund (UNFPA)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় PREVAIL Project-এর আওতায়।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সমন্বয় সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ২০ জুন পটুয়াখালী জেলার ৯টি থানা থেকে আগত ৩২ জন নারী পুলিশ সদস্যের অংশগ্রহণে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে এসআই, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষণে মানসিক স্বাস্থ্য, সাইকোসোশ্যাল সাপোর্ট (MHPSS), সাইকোসোশ্যাল ফার্স্ট এইড, সাইবার ক্রাইম প্রতিরোধ এবং আইনগত সহায়তা বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের প্রতি আরও সংবেদনশীল, মানবিক ও পেশাদার সেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
পটুয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে আইনি সহায়তা ও প্রয়োজনীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।
সহিংসতামুক্ত, নিরাপদ ও সাম্যভিত্তিক সমাজ গঠনে পটুয়াখালী জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন