
মাহ্ফুজ নবীন:
এটি শুধু কাপড়ের আবরণ নয়, এটি আত্মার আয়না, চরিত্রের পতাকা কিম্বা মানুষের নৈতিকতার সাথে মিশে থাকা এক অদৃশ্য কাব্য।
আজ যে এক টুকরো পোশাক খুলে ফেললে উন্মুক্ত করে দিলে তোমার শরীরের একটি অংশ, কাল হয়তো আরেকটু, পরশু আরও একটু — এভাবে ধীরে ধীরে, একটু একটু করে তুমি নিজেকে খুলে ফেলছ। একদিন দেখবে, শরীরের বেশিরভাগটাই উন্মুক্ত হয়ে গেছে। আর সেই উন্মুক্ততার ছবি-ভিডিও একবার ডিজিটাল দুনিয়ায় ছড়িয়ে পড়লে, তা আর তোমার নিয়ন্ত্রণে থাকবে না।
সেই ছবি অনন্তকাল ধরে ভাসবে অন্ধকার স্রোতে।
কেউ জুম করে দেখবে, কেউ স্ক্রিনশট নিয়ে লুকিয়ে রাখবে, কেউ বিকৃত কামনার আগুনে পুড়িয়ে মজা নেবে। তুমি হয়তো তখন কবরের অন্ধকারে ঘুমিয়ে থাকবে, কিন্তু তোমার শরীরের সেই অংশগুলো পৃথিবীর আলোয় এখনো নগ্ন হয়ে নাচবে।
হে বোন, তুমি কি ভেবেছিলে এই পৃথিবী তোমাকে শুধু প্রশংসা করবে?
লাইক আর কমেন্টের ঝড়ে তুমি নিজেকে রানি ভেবেছিলে?
কিন্তু বাস্তব সত্যটা নির্মম — তুমি নিজেকে পণ্য বানিয়ে ফেলেছ। একটা সস্তা, সহজলভ্য, ভোগ্যপণ্য।
আজ তুমি ধার্মিক হওয়ার স্বপ্ন দেখো, নামাজ পড়ো, হিজাব পরো — কিন্তু তোমার অতীতের সেই অর্ধনগ্ন ছবিগুলো এখনো কারো কারো ফোনের গোপন ফোল্ডারে লুকিয়ে আছে। কেউ হয়তো রাতের নীরবতায় সেগুলো দেখে নিজের যৌনতাকে উসকে দেয়। এই লজ্জা কি তোমার কবরেও অনুসরণ করবে না?
ইসলাম বলে — লজ্জা ঈমানের অঙ্গ।
যে লজ্জা হারায়, সে তার মানবতাও হারায়।
পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয়, হৃদয়ের পবিত্রতা রক্ষার জন্য। আল্লাহ বলেছেন, “তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না, যেমন প্রকাশ করতো অজ্ঞতার যুগের নারীরা।” (সূরা আহযাব)
তুমি যদি সত্যিই নিজেকে সম্মান করো, তাহলে ভবিষ্যতের সেই মেয়েটির কথা ভাবো — যে তোমার মেয়ে হতে পারে। সে যেন কখনো তার মায়ের অতীতের নগ্ন ছবি দেখে লজ্জায় মাথা নিচু না করে।
একদিন তুমি চলে যাবে।
চিতায় পুড়বে, অথবা কবরের মাটিতে মিশে যাবে।
কিন্তু তোমার সেই ভিডিও, সেই ছবি — সেগুলো থেকে যাবে।
কেউ হয়তো সেগুলো দেখে হাসবে, কেউ বিক্রি করবে, কেউ ব্ল্যাকমেইল করবে। তোমার মৃত্যুর পরও তুমি “বিনোদন” হয়ে থাকবে। এর চেয়ে করুণ পরিণতি আর কী হতে পারে?
হে যুবতী, হে বোন,
ফিরে এসো নিজের মর্যাদায়।
ফিরে এসো লজ্জায়, পবিত্রতায়, আত্মসম্মানে।
পোশাককে শুধু কাপড় বানিও না — বানাও তোমার চরিত্রের সুরক্ষা দুর্গ।
“শরীরের প্রতিটি ইঞ্চি ঢেকে রাখো, যাতে আত্মার আলো প্রকাশ পায়। নইলে শরীর দেখিয়ে আত্মাকে অন্ধকারে ডুবিয়ে দিও না।”
আল্লাহ আমাদের সবাইকে হায়া ও পবিত্রতার উপর অটল রাখুন। আমীন।
মন্তব্য করুন