
ঢাকা প্রতিনিধি:
পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ১৩ জুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) চিঠি দিয়ে সাকলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মতামত চেয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তাঁকে গুরুদণ্ড দেওয়া হচ্ছে।
অভিযোগের বিস্তারিত:
– পরীমনির বাসায় নিয়মিত রাত্রিযাপন
– স্ত্রীর অনুপস্থিতিতে রাজারবাগ সরকারি বাসায় পরীমনিকে নিয়ে থাকা (একবার টানা ১৭ ঘণ্টা)
– মোবাইল ফরেনসিক রিপোর্ট, কল রেকর্ড, মেসেজ ও সিসিটিভি ফুটেজে প্রমাণ মিলেছে
সাকলাইনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনা ২০২১ সালে পরীমনির মাদক মামলার তদন্তের সময়কার। সাকলাইন তখন ডিবির এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তাঁকে ডিবি থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়।
পরীমনি এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, “সাকলাইনের জন্য খারাপ লাগছে। আমি মনে করি তিনি ব্যক্তিগত আক্রোশের শিকার।”
এখন পিএসসির মতামতের পর চূড়ান্ত আদেশ জারি করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন