
সিকদার সোহেল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি হলেন লিপক কর্মকার (৪১)। তিনি মৃত অনিল চন্দ্র কর্মকারের ছেলে এবং বিভা রাণী কর্মকারের সন্তান। তার বাড়ি পটুয়াখালী পৌরসভার নতুন বাজার এলাকার স্বর্ণকার পট্টিতে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মাদক মামলা ছিল। জিআর মামলা নং-২৫৬/১৮-এ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া জিআর মামলা নং-৫০২/২১-এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক) ধারায় তাকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নন-জিআর মামলা নং-১৫৪/২১-এ পুলিশ আইনের ৩৪(৬) ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও ছিল।
এছাড়াও তার বিরুদ্ধে বিচারাধীন আরও তিনটি মামলা রয়েছে। সেগুলো হলো জিআর মামলা নং-২৫৬/১৮, জিআর মামলা নং-১২৪/২২ এবং জিআর মামলা নং-১০৪/১৯, যেগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় চলমান রয়েছে।
পটুয়াখালী থানা পুলিশ জানায়, গ্রেফতারের মাধ্যমে আসামির বিরুদ্ধে থাকা মোট ৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মন্তব্য করুন