
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় নারী ও তিন বছরের শিশুসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরা গ্রামের নলুয়াবাগি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে প্রতিপক্ষ ওই জমিতে চাষাবাদ করতে আসে। এ সময় জমিতে চাষ করতে নিষেধ করেন তাদের বোন আমিনজান বিবি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহতরা হলেন—সুমাইয়া আক্তার (২২), আমিনজান বিবি (৫৫), ফারুক হোসেন (৩৫), রিয়াজ হোসেন (২৫), আলিম হোসেন (২৬) এবং তিন বছরের শিশু মিথিল।
পরিবারের দাবি, হামলাকারীদের থামাতে এগিয়ে গেলে পুত্রবধূ সুমাইয়া আক্তারের মাথায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার কোলে থাকা তিন বছরের শিশু মিথিলও আঘাতপ্রাপ্ত হয়। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ করেছেন আমিনজান বিবি।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রকিবুল ইসলাম জানান, সুমাইয়া আক্তারের মাথায় আঘাতটি গুরুতর। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এ ঘটনায় আরও ৪ জনসহ মোট ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গলাচিপা থানার ইনচার্জ জানান, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় আহত পরিবারের সদস্যরা হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন