
গলাচিপা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক ভুয়া ও হয়রানি মূলক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, মৃত হাসেম রাজার মেয়ে মনোয়ারা ও তার বোন জামাই আব্দুর রব বেপারীর উদ্দেশ্যপ্রণোদিত মামলায় চরম আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগী শহিদুল রাজা ও তার ভাইয়েরা।
ভুক্তভোগী শহিদুল রাজা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ বৈঠক করেন। এমনকি পটুয়াখালী কোর্ট এলাকা ও উকিল বারেও সালিশি বৈঠক বসে। কিন্তু প্রতিবারই চূড়ান্ত রায়ের পর তা মানতে অস্বীকার করেন মনোয়ারা ও তার বোন জামাই আব্দুর রব।
অভিযোগ রয়েছে, সালিশের সিদ্ধান্ত না মেনে আব্দুর রব বিভিন্ন সময় অসুস্থতার বাহানা ধরে হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তারি সার্টিফিকেট জোগাড় করেন এবং তা দিয়ে শহিদুল রাজা ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। এসব মামলায় ভুক্তভোগীদের জেল-হাজত খাটাসহ আর্থিক ও সামাজিকভাবে অপদস্থ হতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, তুচ্ছ ঘটনা ও জমি বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে একটি পরিবারকে নিঃস্ব করার চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা এবং এই পারিবারিক বিরোধের স্থায়ী বিচারের দাবি জানান।
মন্তব্য করুন