
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী:
আইনকানুন ও নীতিমালার তোয়াক্কা না করে পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে চলছে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ ও প্রতারণার এক বিশাল ফাঁদ। ‘সূর্য সমবায় ও ঋণদান সমিতি লিমিটেড’ নামের একটি কথিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ সুদের ব্যবসা, জালিয়াতি, ভূয়া মামলা এবং আদালতের সমন গায়েব করে নিরীহ মানুষকে গ্রেপ্তারের মাধ্যমে চরম হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। পটুয়াখালী সমবায় দপ্তরের চোখ ফাঁকি দিয়ে কিংবা তোয়াক্কা না করে বছরের পর বছর এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিরুল ইসলাম ওরফে ‘সুদি মিজান’।
নিবন্ধন আইনের তোয়াক্কা নেই, নেই কোনো নির্বাচন:
সমবায় আইন অনুযায়ী নির্ধারিত মেয়াদান্তে গণতান্ত্রিক উপায়ে পরিচালনা পর্ষদ নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ‘সূর্য সমবায়’-এ কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কোনো সাধারণ গ্রাহক কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। সূর্য সমিতির প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম ওরফে সুদি মিজান, একক ও অবৈধভাবে সভাপতির পদ দখল করে রেখে স্বৈরাচারী কায়দায় প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।
অবৈধ সঞ্চয় সংগ্রহ ও উচ্চসুদে ঋণের জাল:
সমবায় আইন স্পষ্টভাবে উল্লেখ করে যে, নিবন্ধিত সমিতির মূল প্রতিষ্ঠাতা বা অংশীদার সদস্য ব্যতীত সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় গ্রহণ বা ঋণ প্রদান সম্পূর্ণ বেআইনি। অথচ, আইনি ফাঁকফোকর ও সাধারণ মানুষের অসচেতনতার সুযোগ নিয়ে মিজান হাজার হাজার শ্রমজীবী মানুষকে অবৈধভাবে ‘সাধারণ সদস্য’ বানিয়ে কোটি টাকারও বেশি সঞ্চয় হাতিয়ে নিয়েছেন।
এছাড়া, সমবায় দপ্তরের অনুমোদন ছাড়া দৈনিক কিস্তিতে সুদের কারবার চালানো সম্পূর্ণ বেআইনি হলেও, সুদি মিজান পুরো পটুয়াখালীজুড়ে সুদের জাল বিছিয়েছেন। পটুয়াখালী জেলা সমবায় অফিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, “দৈনিক কিস্তিতে লোন দেওয়া বা সঞ্চয় নেওয়ার কোনো আইনি অনুমোদন কোনো সমবায় সমিতির নেই। এমনকি সমবায় দপ্তরের স্পষ্ট অনুমোদন ব্যতিরেকে কোনো সমিতি কারও বিরুদ্ধে সরাসরি দেওয়ানী বা ফৌজদারি মামলা করার এখতিয়ারও রাখে না।” তবুও সুদি মিজান তার লোকদের দিয়ে বহুজনের বিরুদ্ধে মামলা করেছে।
ব্ল্যাঙ্ক চেক জালিয়াতি ও সমন গায়েবের প্রতারণামূলক কৌশল:
সবচেয়ে ভয়াবহ ও আশঙ্কাজনক প্রতারণা চলছে আইনি প্রক্রিয়ার অপব্যবহার নিয়ে। শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার সময় জামানত হিসেবে নেওয়া ‘ব্ল্যাঙ্ক চেক’ (Blank Check)-কে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছেন মিজান।
অনিয়মের শিকার ভুক্তভোগীরা জানান, ঋণের টাকা পরিশোধের পরও চেকে ইচ্ছেমতো মোটা অংকের টাকা বসিয়ে ‘এনআই অ্যাক্ট’ (NI Act)-এ মামলা ঠুকে দেওয়া হয়।
প্রতারণার কৌশল হিসেবে মিজানের আস্থাভাজন ও একমাত্র নারী ম্যানেজার ‘সুখি’-কে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে বাদী বানানো হয়। মামলার পর মিজান ও তার চক্রটি ডাকপিয়নকে অনৈতিকভাবে ম্যানেজ করে আইনি নোটিশ ও আদালতের সমন গায়েব করে ফেলে।
আইন অনুযায়ী এনআই অ্যাক্টের মামলায় নোটিশ বা সমন পেলে আসামি জামিন নেওয়ার সুযোগ পান। কিন্তু সমন গায়েব করার ফলে আসামি কিছু বুঝে ওঠার আগেই তার নামে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হয় এবং পুলিশ গিয়ে নিরীহ মানুষকে গ্রেফতার করে। এভাবে সম্পূর্ণ চক্রান্তমূলকভাবে নিরীহ সাধারণ মানুষকে গাদাগাদি করে জেলে পাঠানো হচ্ছে।
চাকরিপ্রার্থীদের শোষণ ও অফিসের ভেতরে সন্দেহজনক কর্মকাণ্ড:
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রার্থীর কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর রেখে নামমাত্র বেতনে দিনরাত খাটিয়ে নিয়েছেন মিজান।
পটুয়াখালী বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ডহীন এই অফিসে সরেজমিনে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। প্রতিষ্ঠানে কোনো পুরুষ কর্মী নেই, একমাত্র নারী ম্যানেজার সুখিকে নিয়ে কার্যালয়ের মূল গেটে ভেতরে থেকে তালা ঝুলিয়ে কী সুখে বসে থাকেন সুদি মিজান? অফিসের আড়ালে তারা ঠিক কী ধরনের কর্মকাণ্ড চালান, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও নানা মুখরোচক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অবৈধ সম্পদের পাহাড় ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি:
স্থানীয়রা সুদি মিজানের পারিবারিক ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন। বাসস্ট্যান্ডের মতো জায়গায় কোটি টাকার সম্পত্তি ও ৩ তলা ভবন নির্মাণের নেপথ্যে দুর্নীতি ও অবৈধ সুদের টাকার প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
পটুয়াখালীর সচেতন নাগরিক ও ভুক্তভোগী শ্রমজীবী মানুষরা অবিলম্বে এই ভূইফোঁড় ‘সূর্য সমবায় সমিতি’র যাবতীয় অনিয়ম ও দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের আত্মসাৎ করা কোটি কোটি টাকা ফেরত আনা, জালিয়াতির মাধ্যমে দেওয়া ভূয়া মামলা বাতিল করা এবং মূল হোতা আমিরুল ইসলাম ওরফে সুদি মিজানসহ তার সহযোগী চক্রটিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সমবায় অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
মন্তব্য করুন