
সিকদার সোহেল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী থানা পুলিশের অভিযানে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১১৭২/২০২৩, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় আদালত আসামি মোঃ নিজাম গাজী (৪২)-কে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানার এএসআই (নিরস্ত্র) মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে একটি পুলিশ দল শনিবার (২৭ জুন ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে পটুয়াখালী থানাধীন লতিফ স্কুল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি মোঃ নিজাম গাজীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিজাম গাজীর পিতার নাম আব্দুর রব গাজী। তিনি পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা।
পটুয়াখালী থানা পুলিশ জানায়, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এবং আদালতের রায় কার্যকরে পটুয়াখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন