

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়ির রান্নাঘরে অগ্নিসংযোগ এবং গভীর রাতে সিঁধ কেটে লক্ষাধিক টাকার স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জমির মালিকানা নিয়ে দাবি:
ভুক্তভোগী আলী হোসেন খান বলেন, “আমি ওয়ারিশ সূত্রে এই জমির প্রকৃত মালিক। জুয়েল খান অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা করছে।”
সালিশি ব্যর্থতা:
স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তি জানান, “একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। সিদ্ধান্তও হয়েছে। কিন্তু জুয়েল খান কোনো সিদ্ধান্তই মানতে রাজি হয়নি।”
ঘটনার বর্ণনা:
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি বিরোধের জের ধরে জুয়েল খান ও তার সহযোগীরা প্রথমে বাড়ির রান্নাঘরে অগ্নিসংযোগ করে। পরে গভীর রাতে ঘরের দেয়ালে সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে লুটপাট চালায়।
আলী হোসেন খানের ছেলে রাকিব খান বলেন,
“রাত আড়াইটার দিকে আমরা ঘুমে ছিলাম। হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে জেগে উঠি। রান্নাঘরে আগুন দেখতে পাই। পরে দেখি ঘরের সিঁধ কাটা হয়েছে। লক্ষাধিক টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র সব নিয়ে গেছে।”
নিরাপত্তাহীনতার আশঙ্কা:
রাকিব খান আরও বলেন,
“আমরা এখন চরম আতঙ্কে আছি। যেকোনো সময় আবার হামলা হতে পারে। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চাই।”
পুলিশের বক্তব্য
আমতলী থানার এক কর্মকর্তা জানান,
“ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন