
পটুয়াখালী প্রতিনিধি:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও (আধা সরকারি) পত্র তৈরির অভিযোগে শাওন মজুমদার সুমনকে পটুয়াখালীর রাঙ্গাবালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরই প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পরে তাকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জানা গেছে, এর আগে শাওন মজুমদার সুমন বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০ জুলাই বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়।
বদলি আদেশের পর ২৬ জুলাই তিনি রাঙ্গাবালীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। একই সঙ্গে তাকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারও দায়িত্ব দেওয়া হয়। তবে যোগদানের একদিন পরই ২৭ জুলাই তাকে রাঙ্গাবালী থেকে প্রত্যাহার করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই দিনে পটুয়াখালী জেলা প্রশাসনের পৃথক দুটি অফিস আদেশে শাওন মজুমদার সুমনকে রাঙ্গাবালীর সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে অবমুক্ত করা হয় এবং ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব অর্পণের আদেশটি বাতিল করা হয়।
পরে গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রাঙ্গাবালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করা হয়েছে। ওই পত্র বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে সংসদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
মন্তব্য করুন