
পটুয়াখালী জেলা প্রতিনিধি, সিকদার সোহেল:
পটুয়াখালী সদর উপজেলার ১১নং আউলিয়াপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে টানা বা খণ্ড খণ্ডভাবে মিলিয়ে মাত্র চার ঘণ্টার মতো বিদ্যুৎ থাকছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অটোরিকশা চালক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
অটোরিকশা চালকদের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে পারছেন না। ফলে নির্ধারিত সময়ে গাড়ি নিয়ে রাস্তায় নামতে না পারায় তাদের দৈনিক আয় কমে যাচ্ছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়েছেন।
এদিকে শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছেন না। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের দুর্ভোগও বেড়ে গেছে।
গৃহস্থালির কাজেও দেখা দিয়েছে ব্যাপক সমস্যা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক পরিবার। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য অপচয়ও বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দোকান ও ছোট ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতিও ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে। স্থানীয়রা আশা করছেন, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য করুন