
এম জাফরান হারুন:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়ার মোহসেনুদ্দিন নূরীয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
মাদ্রাসা সূত্রে জানা যায়, বুধবার (২৯/০৭/২০২৬) প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আফসার উদ্দীন আহমদের ২৫তম এবং সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন আফসারীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে হলরুমে মঞ্চ, আসন ও আপ্যায়নের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।
তবে অনুষ্ঠান শুরুর আগেই প্রতিষ্ঠাতার নাতি ও সাবেক অধ্যক্ষের ছেলে মো. নুরুদ্দিন আফসারী বাউফল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিলে আয়োজকরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
প্রতিষ্ঠাতার ছেলে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী প্রতিবছরই পালন করা হয়। এবারও সব প্রস্তুতি সম্পন্ন হলেও অভিযোগের কারণে অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারা মর্মাহত।
মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রতিষ্ঠাতার স্মরণে আয়োজিত অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক। তারা এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।
অভিযোগকারী মো. নুরুদ্দিন আফসারী বলেন, তাদের পরিবার ছোট পরিসরে মৃত্যুবার্ষিকী পালন করে থাকে। তার দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষ ভিন্ন উদ্দেশ্যে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করায় তিনি আপত্তি জানিয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ এম. এ. রহিম বলেন, প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষের অবদান স্মরণে প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছিল। তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুষ্ঠান স্থগিত করতে বলায় তা আর অনুষ্ঠিত হয়নি।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। স্মরণসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। (২৯/০৭/২০২৬)
মন্তব্য করুন