
লন্ডন প্রতিনিধি:
যুক্তরাজ্যের লন্ডনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমকে ঘিরে ধরে ভুয়া স্লোগান ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তাকে উদ্দেশ্য করে অর্থ পাচার ও দুর্নীতির নানা অভিযোগ তুলে তোপ দাগেন উপস্থিত জনতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, লন্ডনের একটি রাস্তায় শ ম রেজাউল করিমকে দেখতে পেয়ে পথচলতি কয়েকজন প্রবাসী বাংলাদেশি তার পথ রোধ করেন। এ সময় উপস্থিত লোকজন তাকে ‘অর্থ পাচারকারী’ ও ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
ভিডিওতে দেখা যায়, আকস্মিক এই পরিস্থিতিতে সাবেক এই মন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন। তবে উপস্থিত জনতা তাকে অনুসরণ করে স্লোগান দিতে থাকেন এবং বিদেশে অবৈধ অর্থ পাচার নিয়ে কড়া প্রতিবাদ জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দেশে হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তার নামে-বেনামে থাকা অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও দুদক কাজ করছে। লন্ডনের রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা ও আলোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন