কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি নির্মাণাধীন কালভার্টের খালের মুখ থেকে রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে অন্যের মালিকানাধীন ফসলি জমি কেটে অবৈধভাবে খাল খনন ও চিংড়ি ঘেরে পানি উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন এক বৃদ্ধ ও অসহায় কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডের মৃত কালু হাওলাদারের ছেলে মোতালেব হাওলাদারের ১৬ ও ২৯ খতিয়ানের আবাদি ফসলি জমি অবৈধ বেকু (খননযন্ত্র) দিয়ে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। দখলের উদ্দেশ্যে আনুমানিক ১০ ফুট চওড়া, ৪০০ ফুট দীর্ঘ এবং ৬ ফুট গভীর করে এই খাল খনন করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকের জমি কেটে প্রস্তুত করা এই খালের মাধ্যমেই মূলত অভিযুক্তরা নিজেদের চিংড়ি ঘেরে পানি উত্তোলন করছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের স্থানীয় শ্রমিক দলের সভাপতি বিপ্লব হাওলাদার, রাকিব হাওলাদার ও আইয়ুব হাওলাদার তাদের দলীয় প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে এই বেআইনি কর্মকাণ্ড চালিয়েছেন।
ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক মোতালেব হাওলাদার জানান, রাতের আঁধারে তার একমাত্র সম্বল ফসলি জমিটি এভাবে নষ্ট করে দেওয়ায় তিনি এখন নিঃস্ব হতে বসেছেন। ন্যায়বিচারের আশায় তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন হাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরেও এখন পর্যন্ত কোনো বিচার পাননি।
ক্ষমতাসীনদের অপতৎপরতায় নিজের জমি হারিয়ে বিচারহীনতার ভয়ে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ কৃষক। ক্ষতিগ্রস্ত পরিবারটি তাদের জমি সুরক্ষায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.