খলিফা সাগর, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই, ২০২৬) সকাল থেকে উপজেলার খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭ পদাতিক ডিভিশনের সেনা চিকিৎসকদের (এএমসি) একটি বিশেষ দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন যৌথ অনুশীলনের পাশাপাশি স্থানীয় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী চলমান এই ক্যাম্পে খারিজ্জমা এবং এর আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েকশ’ নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমাদের মতো সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা পাওয়াটা বেশ কঠিন এবং ব্যয়বহুল। ঘরের কাছে সেনাবাহিনীর অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে এমন ভালো মানের চিকিৎসা ও ওষুধ পাব, তা ভাবিনি। আমরা সেনাবাহিনীর এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।"
মেডিকেল ক্যাম্প পরিদর্শনের সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সেনা কর্মকর্তারা জানান,
জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবময় ঐতিহ্য। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো সংকটে ও সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। গ্রীষ্মকালীন প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সার্বিক শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অত্যন্ত প্রশংসিত হয়েছে।
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.