বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাদল সিকদার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে এবং বিরাঙ্গল গ্রামের মৃত সামার সিকদারের জামাতা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কয়েকদিন আগে স্ত্রী মাহমুদা বেগমের (৩৬) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় বাদলের। একপর্যায়ে মাহমুদা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। গত বুধবার (১৭ জুন) স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান বাদল এবং সেখানেই দুইদিন অবস্থান করেন।
শুক্রবার সকালে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করলে মাহমুদা রাজি না হওয়ায় বাদল অভিমানে শ্বশুরবাড়ির কাছের একটি বাজার থেকে কীটনাশক কিনে এনে সেখানেই পান করে বসেন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহ থেকে এমন আত্মহত্যার ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.