
গলাচিপা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়েও শ্রেণীকক্ষ তালাবদ্ধ ও জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে বিদ্যালয় খোলা ও পাঠদান কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও সম্প্রতি স্কুল চলাকালীন সময়েও বিদ্যালয় চত্বর ছিল সুনসান ও তালাবদ্ধ। প্রধান শিক্ষক আবু মো. হানিফের লাইব্রেরি কক্ষসহ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ বন্ধ অবস্থায় দেখা যায়।
নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে ক্লাস করতে না পেরে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে অপেক্ষা করেও কোনো শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি পাননি বলে অভিযোগ করেন।
এদিকে সরকারি বিধি অনুযায়ী প্রতিটি সরকারি ও সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক হলেও ওই দিন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে স্থানীয়রা জানান। বিষয়টিকে রাষ্ট্রীয় প্রতীকের প্রতি অবহেলা হিসেবে দেখছেন অনেকেই।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিদ্যালয় পরিচালনায় দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ তুলে দ্রুত তদন্তের দাবি জানান। এ বিষয়ে প্রধান শিক্ষক আবু মো. হানিফের কাছে জানতে চাইলে তিনি কোনো সুস্পষ্ট বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের মতো গুরুত্বপূর্ণ নিয়ম উপেক্ষা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের আহ্বান জানিয়েছেন।
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.